রাজিব হোসেন জয় | দাউদকান্দি (কুমিল্লা)

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাফল্যের ধারাবাহিকতায় আবারও জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ। অক্টোবর মাসের পুলিশি কর্মকাণ্ডের মূল্যায়নে কুমিল্লা জেলার ‘ক’ ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশ লাইনসের মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম (সেবা) ওসি সাজেদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা, মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এবং মামলার কার্যক্রমে অগ্রগতির ক্ষেত্রে থানার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এসব কার্যক্রমে নেতৃত্ব ও তদারকির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওসি সাজেদুল ইসলাম পলাশ।

এছাড়া ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর ক্ষেত্রেও দাউদকান্দি থানা পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। নিয়মিত পুলিশি টহল, বিট পুলিশিং কার্যক্রম এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে আরও তিনবার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন সাজেদুল ইসলাম পলাশ। ধারাবাহিকভাবে এ সম্মাননা অর্জন তার নেতৃত্বে পরিচালিত পুলিশি কার্যক্রমের মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে।

দাউদকান্দি মডেল থানার এ অর্জনে স্থানীয় পর্যায়ে পুলিশি সেবার কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনে পুলিশের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।